×
Logo

সারাদেশ

নড়াইলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নড়াইল করেসপনডেন্ট

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০৯ এএম

নড়াইলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার শালনগর ও নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শালনগর গ্রামের মৃত মতি খানের ছেলে টিটুল খান (৫০) এবং নলদী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বিল্লাল মোল্লার ছেলে বাবুল মোল্যা (৪২)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ৩টার দিকে শালনগরের বাসিন্দা টিটুল খান গরুকে পানি খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মধুমতী নদীর তীরে যান। এ সময় প্রচণ্ড ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বিকেল ৫টার দিকে স্থানীয়রা টিটুল খানকে পড়ে থাকতে দেখেন। তার শরীরের কিছু অংশ দগ্ধ ছিল এবং কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা বাবুল বিকেল ৪টার দিকে ইছামতী বিলে মাছ ধরতে যান। ধারণা করা হচ্ছে, বিকেলের কোনো এক সময়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

/এএম

Logo