তীব্র যানজট-ভোগান্তি শেষে স্বাভাবিক ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:২৮ পিএম
অতিরিক্ত যানবাহন, দুর্ঘটনা, সড়কে বিকল হওয়া যানবাহন এবং সেতুতে ধীরগতির কারণে তীব্র ভোগান্তিতে কবলে পড়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। এতে গতকাল শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া যানজট ও ধীরগতি আজ শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার পর স্বাভাবিক হয়।
জানা যায়, ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সেতু থেকে করাতিপাড়া বাইপাস পর্যন্ত যানজটের কবলে ছিল। পরে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপারের জন্য যমুনা সেতু একমুখী করায় টাঙ্গাইল অংশে যানবাহনের চাপ দ্রুত কমে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে মহাসড়কে এখনও যানবাহনের চাপ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষজন সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। পরিবার-পরিজন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা প্রচণ্ড গরমে গাড়িতে বসে থাকতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বৃদ্ধ, শিশু ও নারীরা।
অন্যদিকে কাঁচামালবাহী ট্রাকগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যাত্রী ও চালকরা জানান, টাঙ্গাইল থেকে এলেঙ্গা ১০ কিলোমিটার পথ যেতে ২-৩ ঘণ্টা সময় লাগছে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল রানা বলেন, মহাসড়কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।
/এসআইএন