নোয়াখালীতে ব্যবসায়ী হত্যা মামলার আসামি কিশোর গ্যাং নেতা গ্রেফতার
নোয়াখালী করেসপনডেন্ট
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৩৬ এএম
নোয়াখালী সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের মারধরে কামাল হোসেন নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলার আসামি কিশোর গ্যাং নেতা মো. রনিকে (২৪) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৫ জুন) বিকেলে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মো.মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার বিকেলে র্যাব যৌথ অভিযান চালিয়ে চট্রগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামি এলাকা থেকে রনিকে গ্রেফতার করে।
রনি উপজেলার দাদপুর ইউনিয়নের নিয়ন আলী হাজী বাড়ির মো.ইউসুফের ছেলে।
স্থানীয়রা জানান, গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের লচি সর্দার বাড়ির পিছনে একদল কিশোর গ্যাং সদস্য জুয়া খেলছিল। তখন ফরহাদ (২৭) নামে এক যুবক তাদেরকে স্থান ত্যাগ করে চলে যেতে বলেন। তাৎক্ষণিক তারা ক্ষুব্ধ হয় ও পরে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে একই রাতে কিশোর গ্যাং সদস্যরা দলবদ্ধভাবে ফরহাদের উপর আক্রমন করে মারধর করতে থাকে।
এ সময়, ভাতিজার চিৎকারে চাচা ব্যবসায়ী কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে ফরহাদকে বাঁচানোর চেষ্টা করলে কিশোর গ্যাং সদস্যরা কামাল হোসেনকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত কামালের স্ত্রী সেলিনা আক্তার (৩৮) বাদী হয়ে মামলা দায়ের করেন।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মো.মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্যক্তিগত মালামালসহ চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
/এসআর