×
Logo

সারাদেশ

নাটোরে ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে যুবক গ্রেফতার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:১২ এএম

নাটোরে ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে যুবক গ্রেফতার

নাটোরে ট্রেনে উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে আব্দুর রব (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সোনিয়া বেগম নামে এক নারী পলাতক রয়েছেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে নাটোর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী 'চিলাহাটি এক্সপ্রেস' ট্রেনে এ ঘটনা ঘটে। গ্রেফতার আব্দুর রব  সদর উপজেলার গোয়ালদিঘী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রব ও সোনিয়া বেগম ঢাকা যাওয়ার জন্য চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের দুটি আসনবিহীন টিকিট কাটেন। শুক্রবার দুপুরে ট্রেনটি নাটোর স্টেশনে এসে দাঁড়ালে অতিরিক্ত ভিড়ের কারণে তারা ট্রেনে উঠতে ব্যর্থ হন। এতে ক্ষিপ্ত হয়ে তারা দুজনই রেললাইনের ওপর থেকে চলন্ত ট্রেনটির দিকে পাথর নিক্ষেপ করতে থাকেন। তাদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের একটি কোচের কাচের দরজা ভেঙে যায়। 

পরে স্টেশনে কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা কর্মীরা আব্দুর রবকে আটক করতে সক্ষম হলেও সোনিয়া বেগম পালিয়ে যান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আব্দুর রবকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে মামলা দেওয়া হয়েছে। পলাতক অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসআর 

Logo