রংপুরে পানিতে ডুবে বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু
রংপুর ব্যুরো
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:০৭ পিএম
রংপুরে পৃথক দুইটি স্থানে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) নগরীর পানবাড়ী এলাকায় ঘাঘট নদী এবং পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে এ ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার ও সজিব মিয়ার ৬ বছর বয়সী ছেলে রাজীব মিয়া এবং শাহজাহান মিয়ার ৪ বছর বয়সী মেয়ে সেনাতুল আক্তার। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাইবোন।
এ বিষয়ে রংপুর মহানগরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর পানবাড়ী এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন শিক্ষার্থী শিহাব শাহরিয়ার। পরে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ নদীতে ভাসতে দেখা যায়। শিহাব নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার মুকুট মিয়ার ছেলে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, দুপুরে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
/এসআইএন