বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম
দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার (৫ জুন) দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অর্ধশতাধিক মানুষকে পুশইনের চেষ্টা চালায় তারা। তবে প্রত্যেকটিই পণ্ড হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায়। সীমান্ত এলাকায় পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।
এদিকে, লালমনিরহাটে চারটি সীমান্ত দিয়ে ৩৩ জনকে এপারে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায় বিএসএফ। ভোরে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী সীমান্তে এই ঘটনা ঘটে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা নস্যাৎ হয়ে যায়। বাধার মুখে পিছু হটে বিএসএফ। পুশইনের জন্য যাদের আনা হয়েছিল, তারা বর্তমানে শূন্যরেখায় ভারতের অংশে অবস্থান করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি।
অন্যদিকে, বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়েছে নওগাঁর সাপাহারের হাঁপানিয়া সীমান্তেও। ভোরে ১৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। এতে ভারতের শূন্যরেখাতেই অবস্থান নেয় ১৭ জন। বিজিবি জানায়, কাউকেই অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না।
এছাড়াও বিজিবির বাধায় পঞ্চগড় সীমান্তেও পণ্ড হয়েছে বিএসএফের পুশইন। ভোরে ভারতের প্রধানপাড়া থেকে কাঁটাতারের গেট খুলে ১০ জনকে এপারে পাঠানোর চেষ্টা করা হয়। পরে বিজিবির টহল দল বাধা দিলে তাদের নিয়ে যাওয়া হয় ভারতের শূন্যরেখায়। এই ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশইনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সরিয়ে নেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরে।
/এসআইএন