ঝিনাইদহ জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে (পিএইচকিউ) সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মাহফুজ আফজাল তার বর্তমান দায়িত্ব জেলার জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে যথাযথভাবে হস্তান্তর করে শুক্রবার (৫ জুন) এর মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় উপস্থিত হবেন।
তবে আদেশে তাকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন দফতর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সদর দফতর জানিয়েছে, প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মো. মাহফুজ আফজাল ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার দায়িত্বকালীন সময়ে জেলায় দুটি আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ড, সামাজিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনা দেখা যায়।
/এওয়াইএ