কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই শতাধিক দোকান
স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারের কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোট-বড় মিলিয়ে অন্তত ১০৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তারা।
শুক্রবার (৫ জুন) সকালে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ভূরুঙ্গামারী উপজেলায় নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ফুলবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, কাপড় পট্টির প্রায় সব দোকানই আগুনে পুড়ে গেছে। এছাড়া কসমেটিকস, ফলের দোকান, লাইব্রেরিসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাপড় দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি আখতারুজ্জামান বলেন, কাপড় পট্টিতে মোট ৭৫টি দোকান ছিল। প্রতিটি দোকানই আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। প্রতিটি ব্যবসায়ীর দোকানে আনুমানিক ৫ থেকে ১০ লাখ টাকার মালামাল ছিল। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১০৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
অন্যদিকে, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
/এওয়াইএ/এমএন