চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গা করেসপনডেন্ট
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:১৪ এএম
চুয়াডাঙ্গা সদর উপজেলার ঘোড়ামারা ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আকিব হোসেন (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পূর্বাশা পরিবহনের একটি বাস ভাঙচুর করে।
আকিব হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টির মধ্যে আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা সদরের ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আকিব হোসেন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আকিবের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
/এওয়াইএ/এসআর