ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:২০ এএম
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুর চালানো হলে প্রায় পাঁচ ঘণ্টা ৫টি ট্রেন আটকে পড়ে এবং ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভৈরব পৌর শহরের পঞ্চবটী ও জগন্নাথপুর এলাকার তরুণদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
পুলিশ আরও জানায়, সংঘর্ষে স্টেশন মাস্টারের কার্যালয়সহ কয়েকটি কক্ষে হামলা ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে তারা হামলার শিকার হন। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/এসআর