×
Logo

সারাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইল করেসপনডেন্ট

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:১১ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে সংঘর্ষে নিহত ১

দোকানে বাকির টাকা পরিশোধ নিয়ে পূর্ব বিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কালাম তালুকদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৫ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভূঞাপুরের সংশ্লিষ্ট এলাকায় এই ১৪৪ ধারা ও নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে প্রশাসন নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় জানান, বৃহস্পতিবার (৪ মে) বিকেলে ভূঞাপুর উপজেলার জগৎকুড়া এবং গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গত ২২ এপ্রিল দোকানে বাকির টাকা পরিশোধ করা নিয়ে এই দুই গ্রামের মানুষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়েছিল। এরই জেরে গতকাল বিকেলে দুই পক্ষের লোকজন আবারও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চরম সংঘাতে জড়ায়।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় ঘটনাস্থলেই কালাম তালুকদার নিহত হন এবং আহত হন অন্তত ১৫ জন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভূঞাপুর থানা পুলিশ জানিয়েছে, সংঘর্ষ ও নিহতের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। এছাড়া ঘটনার সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


/এএ 

Logo