×
Logo

সারাদেশ

কুমিল্লায় ডিবির অভিযানে গুজব ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:২৭ পিএম

কুমিল্লায় ডিবির অভিযানে গুজব ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ২

গুজব ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা অনলাইন ব্লগসাইট ও প্রতিবাদী জনতা নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছিল বলে জানিয়েছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (৩১ মে) কুমিল্লা পুলিশ সুপার সম্পর্কিত একটি ভুয়া প্রত্যাহার আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে সোমবার (১ জুন) একই প্ল্যাটফর্মে আরও একটি গুজব ছড়ানো হয়, যেখানে বলা হয় ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রভাবে পুলিশ সুপারের প্রত্যাহার আদেশ বাতিল করা হয়েছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।

বিষয়টি নজরে আসার পর কুমিল্লা জেলা পুলিশের নির্দেশনায় ডিবি পুলিশ প্রযুক্তিগত তদন্ত শুরু করে। তদন্তে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।

অভিযানে বুধবার (৩ জুন) সোনিয়া আক্তারকে (২৮) প্রথমে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিনে কুমিল্লা মহানগরীর শ্রীমন্তপুর এলাকা থেকে আনোয়ার হোসেন পারভেজকে (৩২) গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পুলিশ জানায়, জব্দকৃত ডিভাইস বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে গুজব ও প্রোপাগান্ডা ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে সরকার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল বলে স্বীকার করেছে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

/এওয়াইএ

Logo