মেহেরপুর সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
মেহেরপুর করেসপনডেন্ট
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গাংনী উপজেলার ওলিনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিমের চার বছর বয়সী কন্যা আফরিন এবং যশোরের ঝিকরগাছা উপজেলার সজীব আলীর ছেলে আকবর আলী (১০)।
স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম যাত্রী নিয়ে শালিকা থেকে বামন্দীর দিকে যাচ্ছিলো। পথে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক ইজিবাইকচালক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আফরিন ও আকবর আলীর মৃত্যু হয়।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
/এওয়াইএ/এসআইএন