জামালপুরে তীব্র গরমে ৪ দিনে চারজনের মৃত্যু
জামালপুর করেসপনডেন্ট
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:৪১ পিএম
জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় গত সোমবার (১ জুন) থেকে বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত তীব্র গরমে চারজন ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন, মাদারগঞ্জের কুকুরমারী এলাকার বালি বেগম ও মোসলিমাবাদের টুকু আকন্দ, দেওয়ানগঞ্জের পূর্ব ভাতখাওয়া গ্রামের আসাদুল ইসলাম ও বকশীগঞ্জের রবিয়ার চর গ্রামের সানোয়ার।
স্থানীয়রা জানান, গত সোমবার (১ জুন) দুপুরে দেওয়ানগঞ্জে পাররামরামপুর ইউনিয়নের পূর্ব ভাতখাওয়া গ্রামে ধান কাটতে গিয়ে গরমে মারা যান আসাদুল ইসলাম। মঙ্গলবার (২ জুন) বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ার চর গ্রামে ধান কাটার সময় মারা যান সানোয়ার। বুধবার (৩ জুন) মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকায় ধানের খড় শুকাতে গিয়ে তীব্র গরমে মারা যান বালি বেগম এবং আজ বৃহস্পতিবার (৪ জুন) একই উপজেলার মোসলিমাবাদ এলাকায় খড় শুকাতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে টুকু আকন্দ নামে আরও একজনের মৃত্যু হয়।
এ বিষয়ে জামালপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, এ ধরনের আবহাওয়ায় হিটস্ট্রোক, পানিশূন্যতা এবং হৃদরোগ জনিত জটিলতার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায় । তাই প্রয়োজন ছাড়া রোদে না যাওয়া, পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে।
/এওয়াইএ/এসআর