সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক
মোংলা করেসপনডেন্ট
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৪ জুন) কোস্ট গার্ড বেইস মোংলায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য জানান।
আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা।
ব্রিফিংয়ে নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জুন) বিকেলে সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আল-আমিন বাচ্চু হাওলাদারের কাছ থেকে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, ১টি সোলার প্যানেল, ১টি ব্যাটারি, ১টি ওয়াকিটকি চার্জার, ১টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং ১টি কাঠের বোট উদ্ধার করা হয়।
পরিশেষে লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ বলেন, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
/এওয়াইএ/এসআর