×
Logo

সারাদেশ

মানিকগঞ্জ-টাঙ্গাইল-সিরাজগঞ্জে নদীভাঙন রোধে ২৬শ’ কোটি টাকার প্রকল্প

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:১৩ পিএম

মানিকগঞ্জ-টাঙ্গাইল-সিরাজগঞ্জে নদীভাঙন রোধে ২৬শ’ কোটি টাকার প্রকল্প

মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের নদীভাঙন রোধে ২৬শ’ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। আসছে বর্ষার পরই এসব প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (১৭ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও আশপাশের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, মানিকগঞ্জকে স্থায়ীভাবে নদীভাঙনের হাত থেকে রক্ষায় দেড় হাজার কোটি টাকার পাঁচটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এসব স্থায়ী প্রকল্প বাস্তবায়ন হলে মানিকগঞ্জবাসীকে আর নদীভাঙন নিয়ে দিনরাত উদ্বেগে থাকতে হবে না।

তিনি আরও বলেন, পাটুরিয়া ঘাট থেকে হরিরামপুর পর্যন্ত ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। যেসব স্থানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেখানে আগামীকাল থেকেই জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের কাজ শুরু হবে।

পরে প্রতিমন্ত্রী ঢাকার দোহার উপজেলার আওরঙ্গবাদ থেকে ব্রাহা বাজার ঘাট পর্যন্ত স্থায়ী তীর সংরক্ষণ কাজ পরিদর্শন করেন।

এসময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএমএইচ

Logo