নরসিংদীতে ধানক্ষেতে ট্রলিচালকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, নরসিংদী
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:১৪ পিএম
নরসিংদীর বেলাবোর একটি ধান ক্ষেত থেকে মো. আপন মিয়া (২৮) নামে এক ট্রলিচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বাজনাব ইউনিয়নের বড়িবাড়ি এলাকায় ধানের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আপন মিয়া বড়িবাড়ি গ্রামের মস্তু মিয়ার ছেলে, তিনি একজন ট্রলি চালক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত রাত থেকে আপনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে গেছে।
বেলাব থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/এমএইচআর