×
Logo

সারাদেশ

সৌদিতে ২২ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

জামালপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৩:০৮ পিএম

সৌদিতে ২২ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

সৌদি আরবে টানা ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রুবেল মন্ডল (২১) নামের এক প্রবাসী যুবক। এতে উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার।

রুবেল মন্ডল উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছোট ছেলে।

পরিবার জানায়, চলতি বছরের ২৭ জানুয়ারি রুবেল একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে মক্কা শহরের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ও উপার্জনের অর্থ পাঠানোও শুরু করেছিলেন রুবেল। তবে গত ১৬ এপ্রিল বিকেল ৪টার পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি পরিবার। এরপর থেকে তার ব্যবহৃত ইমো, ফেসবুক, মেসেঞ্জারসহ সব যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে।

রুবেলের বড় ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, আমার চার ভাইয়ের মধ্যে রুবেল সবার ছোট। তার হঠাৎ নিখোঁজ হওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। প্রবাসী মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাছে আমরা তার সন্ধান চাই।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি। পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে, যেন তারা দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়ারও চেষ্টা করা হবে।

/এসআর/এএম    

Logo