নেত্রকোনায় ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:৫৮ এএম
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমান উল্লাহ সাগর স্থানীয় একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক। ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকে সেখানে পড়াশোনা করতো বলে জানা যায়।
শিশুটির পরিবারের অভিযোগ, শিক্ষক আমান উল্লাহ সাগর গত বছরের নভেম্বরে শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাদের।
দীর্ঘদিন পর শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। এরপর চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে জানা যায় যে, শিশুটি কয়েক মাসের অন্তঃসত্ত্বা।
এ ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর পলাতক ছিলেন। তবে অজ্ঞাত স্থান থেকে তিনি ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন এবং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ডিএনএ পরীক্ষার দাবি জানান।
অবশেষে র্যাব অভিযান চালিয়ে তাকে মঙ্গলবার গ্রেফতার করে।
/এএ/এএম