নাটোরে স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ী খুন, মা-ছেলে গ্রেপ্তার
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৫:৩০ পিএম
নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে রফিকুল ইসলাম রুবেল (৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে রয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রোববার রাতে স্ত্রী ও সন্তানের সাথে রুবেলের পারিবারিক বিষয় নিয়ে তীব্ৰ বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি আলাদা একটি কক্ষে ঘুমাতে যান। গভীর রাতে রুবেল ঘুমিয়ে পড়লে সুযোগ বুঝে স্ত্রী ও সন্তান মিলে ধারালো দা দিয়ে তাঁর গলা কেটে হত্যা করে।
সোমবার সকালে স্বজনদের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘরের ভেতর রুবেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
হত্যাকাণ্ডের পরপরই নাটোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিউলী বেগম ও তার ছেলে রয়েলকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যমতে, বাড়ির পাশের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মা ও ছেলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে ঠিক কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটানো হয়েছে, তা বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
/এএ