ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৪:৪২ পিএম
ফরিদপুর বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মেহেদী হাসানের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ঘুষ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সচেতন জনতা। সোমবার (০৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এতে অভিযোগ করা হয়, পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে বিআরটিএ কার্যালয়ে ব্যাপক অনিয়ম চলছে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।
এছাড়া নিজের দুর্নীতি আড়াল করতে তিনি প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করছেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিক্ষোভে অংশ নেওয়া সমাজকর্মী খাইরুল রোমান বলেন, মেহেদী হাসান যেখানেই দায়িত্ব পালন করেন, সেখানেই দুর্নীতির অভিযোগ ওঠে। এখন নিজের অপরাধ ঢাকতে এবং আমাদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দিয়েছেন।
আইনজীবী মেহেরুন নেছা স্বপ্না ও সংবাদকর্মী তরিকুল ইসলাম হিমেল জানান, দুর্নীতির তথ্য ফেসবুকে ট্যাগ করার কারণে তাঁদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলা দেওয়া হয়েছে।
আন্দোলনকারীরা তাদের চার দফা দাবিতে উল্লেখ করেছেন, প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে উচ্চতর তদন্ত কমিটি গঠন, দোষী সাব্যস্ত হলে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত করে স্বচ্ছ সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
/এএ