টাঙ্গাইলের কুমুদিনী কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪৬ এএম
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসের পুকুরে ডুবে সাকিবা ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে কলেজ ক্যাম্পাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিবা কলেজটির একাদশ শ্রেণির (ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ) ছাত্রী এবং ধনবাড়ী উপজেলার সরদা পাড়ার শফিকুল ইসলামের মেয়ে।
কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান জানান, বিকেলে বৃষ্টির সময় কলেজের ভেতরের পুকুরে গোসল করতে নামেন সাকিবা। এ সময় অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যান তিনি। পরে সহপাঠীরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, খবর ছড়িয়ে পড়লে পুরো কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর স্তব্ধতা বিরাজ করছে।
কলেজ প্রশাসন জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
/এএ