পটুয়াখালীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ এনজিও কর্মীদের বিরুদ্ধে
পটুয়াখালী করেসপনডেন্ট
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক এনজিওর কর্মীদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার গণ্ডামারী গ্রামে ওই গৃহবধূর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খাইরুন বেগম (২৫) পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং এক প্রবাসীর স্ত্রী।
স্থানীয়দের দাবি, কিস্তির টাকা আদায়ের জন্য এনজিও কর্মীরা বাড়িতে গিয়ে খাইরুন বেগমকে চুল ধরে টেনে হিঁচড়ে মারধর করে। এ সময় তাকে কিল-ঘুসি মারা হয় এবং তলপেটে লাথি দেওয়া হলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় এলাকার স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট এনজিও কোডেকের ধানখালী শাখার ম্যানেজার। তিনি জানান, ওই নারীকে কেবল অফিসে এসে কথা বলতে বলা হয়েছিল, কোনো ধরনের মারধর করা হয়নি। তিনি আরও দাবি করেন, খাইরুন বেগম দীর্ঘদিন ধরে কিস্তির টাকা বকেয়া রেখেছেন।
স্থানীয়রা ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
/এওয়াইএ/এমএইচআর