প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
ইংলিশ-আইবি মিডিয়ামের ধারায় প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলামের পরিকল্পনা
স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইবি মিডিয়ামের সাথে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে, যা আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী নরসিংদীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে সমান্তরাল কারিকুলাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিদ্যালয়গুলোতে পড়াশোনা সঠিকভাবে হচ্ছে কি না তাও যাচাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, সঠিক পাঠদানের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিশুদের আকৃষ্ট করতে মিড-ডে মিলের কার্যক্রম ও নজরদারি চলমান আছে। কোন অবস্থাতেইে যেন মিড-ডে মিলের কারণে শিশুরা অসুস্থ না হয়, সে জন্য সাপ্লায়ারদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এসময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুহাম্মদ রাসেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
/এএন