সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকসহ ২ চোরাকারবারী আটক
সাতক্ষীরা করেসপনডেন্ট
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম
সাতক্ষীরার কালীগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৬।
শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে উপজেলার খানজিয়া এলাকা থেকে এ মাদক উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— খানজিয়া গ্রামের আলী আকবর গাজীর ছেলে কামাল হোসেন (৪১) ও নলতা গ্রামের খোরসেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৯)।
র্যাব জানায়, ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা মাদক কামাল হোসেন ও ইমরান হোসেনের বাড়িতে আছে এমন খবর পেয়ে সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানির একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানকালে ঘরের ভেতর লুকিয়ে রাখা ১৫শ ৬২ বোতল কোরেক্স সিরাপ জব্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
/এমএইচআর