×
Logo

সারাদেশ

নেত্রকোণায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

নেত্রকোণা করেসপনডেন্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম

নেত্রকোণায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় জামায়াতের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, তেল নিতে পেট্রোল পাম্পে গেলে হঠাৎ মাছুম মোস্তাফার গাড়িতে হামলা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। এসময় তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।

উপজেলা জামায়াতের নেতাদের অভিযোগ, বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে এ হামলা চালায়। গাড়ি ভাঙচুর করে তারা সংসদ সদস্যের ওপর আক্রমণের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ও পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে এমপি মাছুম মোস্তাফা মুঠোফোনে বলেন, হঠাৎ করে কয়েকজন এসে গাড়িতে হামলা ও ভাঙচুর করে। পরে তারা আমাকে ঘিরে ফেলে।

তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এসআইএন

Logo