বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী
স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম
বিগত দুই সরকারের ব্যর্থতার হামের প্রাদুর্ভাব ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চার বছর পরপর হাম প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হয়। কিন্তু ২০২০ সালের ডিসেম্বরের পর গত সাড়ে পাঁচ বছরে কোনো কার্যক্রম হয়নি। ফলে অনেক শিশুর মধ্যে একসঙ্গে সংক্রমণ ছড়িয়ে এর তীব্রতা বেড়েছে।
শুক্রবার বিকালে ২৫০ শয্যা বিশিষ্টি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসের ৪ তারিখ থেকে ধাপে ধাপে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথমে ১৮ জেলার ৩০ উপজেলায়, পরে ঢাকা উত্তর-দক্ষিণসহ চার সিটি করপোরেশনে। এরপরেই ২০ তারিখ থেকে সারাদেশে কার্যক্রম চালু করা হয়। প্রধানমন্ত্রী বগুড়ায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে সংক্রমণ আর বাড়বে না বলে আশা প্রকাশ করা হয়েছে।
এদিকে, জলাতঙ্ক নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের দায়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে প্রত্যাহারের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। একইসঙ্গে তার বিরুদ্ধে দাফতরিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়াও স্বাস্থ্য বিভাগে বিভিন্ন অনিয়মের জন্য সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার ও টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর মো. মিজানকে প্রত্যাহার করেন।
/এসআইএন