নারায়ণগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ
নারায়ণগঞ্জ করেসপনডেন্ট
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত জোবায়ের বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তার বড় ভাই আরিফের কাছে টাকা ধার চায়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে আরিফ তাকে শ্বাসরোধে হত্যা করে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ঘটনাটি ধামাচাপা দিতে এবং একে ‘আত্মহত্যা’ হিসেবে চালিয়ে দিতে পরিবারের লোকজন জোবায়েরের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে বলে জানায় এলাকাবাসীরা।
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাদকাসক্ত হওয়ার কারণে দুই মাস আগে জোবায়েরকে তার বাবা নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। এক মাস আগে জামিনে এসে সে পুনরায় মাদকে জড়িয়ে পড়ে।
/এএ