রাজধানীতে হিটওয়েভ আরও কিছুদিন থাকবে: আবহাওয়া অধিদফতর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৮ পিএম
চলমান তাপপ্রবাহ রাজধানী ঢাকায় আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই পরিস্থিতিতে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ছে জানিয়ে দীর্ঘ সময় কড়া রোদে না থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষকরা।
এদিকে, প্রচণ্ড গরম ও অসহনীয় আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষেরা। গরমে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে তাদের।
অসহনীয় গরমে সাধারণ নগরবাসীও চরম দুর্ভোগে রয়েছে। তারা জানান, বাচ্চারা সব সময় ঘরে থাকতে চায় না কিন্তু তারপরও তাদের নিয়ে বের হতে সাহস পাচ্ছেন না।
তীব্র গরমে অসুস্থতার হারও বেড়েই চলেছে। রাজধানীর হাসপাতালগুলোতে হিটস্ট্রোক ও পানিশূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে চিকিৎসকরা সতর্ক করেছেন।
বাংলাদেশ শিশু হাসপাতাল ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক বলেন, ডিহাইড্রেশনের কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। কিডনিতে ইফেক্ট হতে পারে এবং বাচ্চারা জ্ঞান হারাতে পারে।
এ কারণে বাচ্চাদের ছায়ায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া, বাচ্চাদের ঘন ঘন পানি খাওয়ানো, পাতলা কাপড় পরানো এবং বাচ্চার প্রস্রাব ঠিকমতো হচ্ছে কি না পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন এই চিকিৎসক।
আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ বললেন, সামনে সপ্তাহব্যাপী বৃষ্টি হতে পারে। তখন তাপমাত্রা অনেকটা কমে যাবে। মে মাসের শেষের দিকে তাপমাত্রা আবার অনেকটা বেড়ে যাবে। এমনকি সিভিয়ার হিটওয়েভ আসার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে জুন-জুলাই-আগস্ট থেকে স্ট্রং এল নিনো হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সোর্স এটাকে ইতোমধ্যে প্রকাশ করেছেন।
/এএন/এমএন