পাবনায় ডিবি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১
পাবনা করেসপনডেন্ট
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম
পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ অলি হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগী শুভ ফকির পালিয়ে যায়।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য জানান।
আটককৃত অলি হোসেন পাবনা সদর উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, রোববার মধ্যরাতে ডিবি পুলিশের একটি দল পাবনা সদর উপজেলার আরিফপুর হাজিরহাট মাদারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে অলি হোসেন নামে একজনকে আটক করে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়া শুভ ফকিরের বাড়ি থেকে তিনটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। শুভ ফকিরের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। এছাড়া আটক অলি হোসেনের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
/এওয়াইএ/এসআর