×
Logo

সারাদেশ

পাবনায় পুকুর পাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পাবনা করেসপনডেন্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম

পাবনায় পুকুর পাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে নিখোঁজের একদিন পর কুদ্দুস আলী শেখ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৯ এপ্রিল) সকালে মাসিমপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেতের পাশের পুকুর পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত কুদ্দুস আলী মাসিমপুর উত্তর পাড়ার মৃত সুরত আলী শেখের ছেলে এবং পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, গত শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বন্ধুদের সাথে একটি ভুট্টা ক্ষেতের ভেতর তাস খেলছিলেন তিনি। এ সময় পুলিশ আসার খবর পেয়ে সবাই দৌড়ে পালিয়ে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন কুদ্দুস। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার (১৯ এপ্রিল) সকালে স্থানীয়রা পুকুর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, কুদ্দুসের শরীরের কয়েকটি স্থানে পোড়া দাগ রয়েছে। 

পাবনা সদর থানার এসআই ফাহাদ হাসান জানান, মরদেহের শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 


/এএ 

Logo