হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
স্টাফ করেসপন্ডেন্ট, হবিগঞ্জ
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল মিয়া দাবি করেন, তিনি ওই জমির বন্দোবস্ত নিয়েছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
রোববার দুপুরে হেলাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে খলিলুর রহমানের লোকজনকে কাজ করতে বাধা দেয়। এতে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে মনজুর মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানিয়েছেন, সরকারি জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
/এএন