×
Logo

সারাদেশ

সাতক্ষীরায় ফিলিং স্টেশনে মজুদ জ্বালানি বিক্রি হবে পুরোনো দামে, ডিসির নির্দেশ

সাতক্ষীরা করেসপনডেন্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ এএম

সাতক্ষীরায় ফিলিং স্টেশনে মজুদ জ্বালানি বিক্রি হবে পুরোনো দামে, ডিসির নির্দেশ

সাতক্ষীরার ফিলিং স্টেশনগুলোতে বর্তমানে মজুদ থাকা জ্বালানি তেল আগের নির্ধারিত দামে বিক্রি করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আফরোজা আখতার। নতুন করে ডিপো থেকে সরবরাহ আসার পরই কেবল সরকার নির্ধারিত নতুন দামে তেল বিক্রি করা হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের দৈনিক জ্বালানী প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জেলার ২৯টি ফিলিং স্টেশনে বর্তমানে প্রায় ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল এবং ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুদ রয়েছে।

জেলা প্রশাসক জানান, জ্বালানি তেলের বর্ধিত মূল্য রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে। তবে এই মূল্য প্রযোজ্য হবে কেবল ডিপো থেকে নতুনভাবে সরবরাহ করা তেলের ক্ষেত্রে। এর আগে ডিপো থেকে সরবরাহ হয়ে ইতোমধ্যে পাম্পে পৌঁছানো তেল পুরোনো দামেই বিক্রি করতে হবে।

তিনি আরও বলেন, ফিলিং স্টেশনগুলোতে মজুদ থাকা সব জ্বালানি সরকার নির্ধারিত আগের মূল্যে বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন চালান আসার পর তা নতুন দামে বিক্রি করতে হবে।

উল্লেখ্য, সরকার সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। নতুন দরে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

/এএন


Logo