নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
নোয়াখালী করেসপনডেন্ট
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:০১ এএম
নোয়াখালীর হাতিয়াতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মো. মহিবুল্লাহ (৪১) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন সকালে উপজেলার মধ্য মাচুয়ারা এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতার মহিবুল্লাহ হাতিয়া উপজেলার বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, মহিবুল্লাহ তার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করে রেখেছেন, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক মহিবুল্লাহর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অস্ত্র মামলা রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আটক মহিবুল্লাহর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগেরও অস্ত্র মামলা রয়েছে। আটককৃত সন্ত্রাসী ও উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
/এসআর