শিশু আতিকাকে হত্যার জেরে মানিকগঞ্জে রণক্ষেত্র, গণপিটুনিতে নিহত ২
সিনিয়র করেসপনডেন্ট,মানিকগঞ্জ
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম
মানিকগঞ্জ সদর উপজেলায় সাত বছরের এক শিশু কন্যাকে হত্যার অভিযোগে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। গণপিটুনিতে নিহতরা হলেন সন্দেহভাজন কিশোর নাঈমের বাবা পান্নু ও তার চাচা ফারুক।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার বনপাড়িল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে প্রতিবেশী দুদল মিয়ার প্রথম শ্রেণি পড়ুয়া মেয়ে আতিকা আক্তার খেলার সময় নিখোঁজ হয়।
পরে সন্দেহভাজন নাঈমকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে একটি ভুট্টা খেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ভিড়ের মধ্যে নাঈম পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে হামলা চালায়।
বিক্ষুব্ধরা নাঈমের পরিবারের সদস্যদের ধাওয়া করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার বাবা ও চাচা নিহত হন। পরে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
/এএ