কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
ষ্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে বলে জানিয়েছে উপরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৬টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে জোয়ারের পানির সাথে একটি মৃত ডলফিন ভেসে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈকতে ডলফিনটি পড়ে থাকতে দেখে প্রথম স্বেচ্ছাসেবী সংগঠন ‘উপরা’র সদস্য আব্দুল জলিল বলেন ডলফিনটির শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে এবং পেট ফাটা অবস্থায় পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থানে জখম দেখে ধারণা করা হচ্ছে, এটি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে।
উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের (উপরা) যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন রাজু জানান, ডলফিনটির মাথা গোলাকার এবং লম্বা ঠোঁট নেই, যা দেখে প্রাথমিকভাবে একে ইরাবতী প্রজাতির ডলফিন হিসেবে শনাক্ত করা হয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ডলফিনের এই অস্বাভাবিক মৃত্যু উপকূলীয় পরিবেশের অবনতির স্পষ্ট বার্তা দিচ্ছে। এটি আমাদের জীববৈচিত্র্যের জন্য এক বড় অশনিসংকেত।
দ্রুত এর মৃত্যুর কারণ উদঘাটন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশকর্মীরা।
/এএ