কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা একই পরিবারের সদস্য।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে দেবিদ্বারে কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাংগরা এলাকার গাজীর হাট গ্রামের রওশন আরা (৩২) এবং তার ছেলে ইয়ামিন (৬)।
পুলিশ জানায়, সিএনজিতে থাকা যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য। তারা কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে মুরাদনগরের বাংগরা এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজি বারেরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মা রওশন আরা মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর ছেলে ইয়ামিনের মৃত্যু হয়।
মিরপুর হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলেকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/এওয়াইএ/এসআর