পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজনের মৃত্যু
পটুয়াখালী করেসপনডেন্ট
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম
পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শহীদুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুলাল মোল্লাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে গলাচিপার পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
শহীদুল মোল্লা পশ্চিম কাচারিকান্দা এলাকার মো. মোতাহার মোল্লার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে দুলাল মোল্লা ও শহীদুল মোল্লার জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠকে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এতে সালিশ বৈঠক পণ্ড হয়ে যায়। রাতে বাড়ি ফেরার পথে দুলাল ধারালো অস্ত্র দিয়ে শহীদুলকে আঘাত করে। আহত শহীদুলকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর স্থানীয়রা দুলাল মোল্লাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, শহীদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
/এওয়াইএ/এসআর