সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ চার মৌয়াল উদ্ধার, ভারতীয় বন বিভাগের হাতে আটক ১
সাতক্ষীরা করেসপনডেন্ট
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ থাকা চার মৌয়াল উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সুন্দরবনের ছায়া নদীর টেক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার মৌয়ালরা হলেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের সাবুত আলীর ছেলে শুকুর আলী সরদার, কাশিমাড়ি গ্রামের আদম মোল্লার ছেলে আব্দুল লতিফ মোল্লা, পশ্চিম বিড়ালক্ষী গ্রামের লিয়াকত আলীর ছেলে তৈয়বুর রহমান ও একই গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে রাশিদুল ইসলাম।
এছাড়া ভারতীয় বন বিভাগের হাতে আটক আছেন একই উপজেলার ছোট কুপট গ্রামের ওবের আলী গাজীর ছেলে মৌয়াল শওকত আলী গাজী।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুর রহমান জানান, পহেলা এপ্রিল অনুমতিপত্র নিয়ে শওকত আলীসহ পাঁচ মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহের জন্য প্রবেশ করেন। ৮ এপ্রিল ঝড়ের কবলে পড়ে তারা নিখোঁজ হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে হলদেবুনিয়া এলাকায় টহল ফাইবার বোট দেখতে পেয়ে দুই মৌয়াল ডাকাডাকি করতে থাকে। প্রথমে তাদের উদ্ধার করা হয় এবং পরে তাদের দেওয়া তথ্যে বাকি দুইজনকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার মৌয়ালদের ভাষ্য অনুযায়ী ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি রায়মঙ্গল এলাকায় ভারতীয় অংশ ঢুকে যায়। সেখান থেকে ভারতীয় বন বিভাগ মৌয়াল শওকত আলী গাজীকে আটক করে। বর্তমানে সে ভারতীয় বন বিভাগের হেফাজতে রয়েছে। উদ্ধার হওয়া চার জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
/এএন