ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম
দেশের অন্যতম প্রখ্যাত রাজনৈতিক নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টা ৫৫ মিনিটে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত ভাসানীর মাজার প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা। তার আদর্শ ও সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বর্তমান সরকার তার দেখানো পথ অনুসরণ করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মাজার প্রাঙ্গণে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় এবং নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
/এএন/এমএন