বর্ণিল আয়োজনে জেলায় জেলায় বাংলা নববর্ষকে বরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম
আজ বাংলা নতুন বছরের প্রথম দিন। ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হয়েছে বর্ষবরণ। নতুন আশা আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশজুড়ে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশের বিভিন্ন জায়গায় হয়েছে বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ছে দেশের সর্বস্তরের মানুষ।
এদিন, নাটোরে পান্তা উৎসব, লাঠি খেলা এবং বৈশাখী মেলায় মেতে ওঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জয়পুরহাটে জেলা শিল্পকলা একাডেমি ও জাসাসসহ ১৯টি সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জমকালো সংগীত ও নৃত্য পরিবেশনা। কুষ্টিয়ায় ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হাজার বছরের বাঙালি ঐতিহ্য তুলে ধরা হয়। গোপালগঞ্জে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
দিনের শুরুতেই লালমনিরহাটে কালেক্টরেট মাঠ থেকে বৈশাখী র্যালি বের হয়ে রেলওয়ে মুক্ত মঞ্চে এসে শেষ হয়, যেখানে ছিল শিল্পকলা একাডেমির বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া পঞ্চগড়, মাদারীপুর ও পটুয়াখালীতে আলোচনা সভা, গ্রামীণ মেলা ও লোকজ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নববর্ষে সাতক্ষীরায় সাতদিন ব্যাপী বৈশাখী মেলা ও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়।
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ করা হয়েছে। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ে বৈশাখী মেলার উদ্বোধন করেন উপাচার্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনন্দ র্যালির পাশাপাশি লাঠি খেলার মতো ঐতিহ্যবাহী আয়োজন নজর কেড়েছে সবার। চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও দিনভর চলছে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ময়মনসিংহে সিটি করপোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। খুলনার সার্কিট হাউজ মাঠে উদীচীর বর্ষবরণ সংগীত এবং বরিশালে উদীচীর প্রভাতী অনুষ্ঠান, রাখি বন্ধন ও ঢাক উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৈশাখ।
অন্যদিকে, সিলেটে বর্ষবরণের আয়োজন উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নতুন বছরে সরকার সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়, তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা সফল হতে দেবে না।
/এএ/এসআইএন