মিস্ত্রিসহ শিক্ষার্থীদের দিয়ে ভাঙানো হচ্ছিল দেয়াল, ধসে পড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৯ এএম
কুমিল্লার দেবিদ্বারে একটি কওমি মাদরাসার পুরাতন দেয়াল ভাঙার সময় হঠাৎ তা ধসে পড়ে মো. সিফাত রহমান (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সিফাত উপজেলার বড়শালঘর ইউনিয়নের মাসুম রহমানের ছেলে।
গতকাল সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর ‘কাশিফুল উলুম’ মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসার দুই মুহতামীম আনিছুর রহমান ও আবদুল আজিজ মিস্ত্রীদের পাশাপাশি শিক্ষার্থীদের দিয়েও ঝুঁকিপূর্ণ এই দেয়াল ভাঙার কাজ করাচ্ছিলেন। এ ঘটনার পর থেকেই মাদ্রাসার দুই মুহতামীম পলাতক রয়েছেন।
অভিযোগ উঠেছে, কয়েকজন শিক্ষার্থী কাজ করতে অনিচ্ছা প্রকাশ করলেও তাদের জোর করে এই কাজে লাগানো হয়েছিল। দেয়াল ভাঙার একপর্যায়ে একটি বড় অংশ সিফাতের ওপর ধসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুই মুহতামীম পালিয়ে যান। শিক্ষার্থীদের দিয়ে এমন ঝুঁকিপূর্ণ কাজ করানো আইনত দণ্ডনীয়।
এই ঘটনায় নিহতের পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
/এএ/এমএন