ফেসবুকে আমাকে নিয়ে অনেক রকম ট্রোল করে, খুব আনন্দিত হই: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ছাত্রছাত্রীরা পরীক্ষায় অমনোযোগী, পড়তে চাচ্ছে না, এমনকি তারা পরীক্ষাও দিতে চাচ্ছে না। ফেসবুকে দেখতে পাই, আমাকে নিয়ে অনেক রকম ট্রোল করে। তবে এতে আমি খুব আনন্দিত হই, ভালো লাগে। তারা সতর্ক যে, তাদের দিকে ঝড় আসছে। তবে ঝড়টা আসছে, আমার সামনে উপস্থিত আপনাদের দিকে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর শিক্ষা বোর্ড আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নিজ প্রতিষ্ঠানের দুর্বল শিক্ষার্থীকে সহনীয় ফি নিয়ে আলাদা পড়ানো যাবে। তবে বাইরের কোনো সেন্টারে শিক্ষকরা কোচিংয়ে যেতে পারবেন না। এছাড়াও সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান তিনি।
শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও মানোন্নয়নের প্রয়োজনীয়তার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বর্তমানে বোর্ডে খাতা মূল্যায়নের নির্দিষ্ট কোনো গবেষণা বা মানদণ্ড নেই এবং পরিচিত পরীক্ষকদের অগ্রাধিকার দেওয়া হয়। নতুন পরীক্ষক তৈরি ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, ১৯৪০ সালের আইন সংশোধন করে খাতা মূল্যায়নে র্যান্ডম স্যাম্পলিং চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে পরীক্ষকদের মান যাচাই করা যায়। এতে নম্বর কম বা বেশি দেওয়ার বিষয়গুলো পর্যালোচনা করা হবে। তবে এটি পুনর্মূল্যায়ন নয় বলে স্পষ্ট করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের একই প্রতিষ্ঠানে বারবার ভর্তি নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তি নয়, একবার রেজিস্ট্রেশনই যথেষ্ট বলেও মন্তব্য করেন তিনি।
/এসআইএন