চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম
চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলার দায়ে মো. সিফাত হোসেন নামক এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একইসাথে পাঁচজনকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে জীবননগর ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. সিফাত হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া একই আইনের আওতায় জীবননগরের মো. সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, তেতুলিয়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলী এবং হরিয়ান নগরের মো. মোশারফ হোসেনকে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জীবননগরের বাঁকা গ্রামের মোহাম্মদ শাহিন উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, তেল পাম্পে বিশৃঙ্খলার দায়ে একজনকে কারাদণ্ড এবং বিভিন্ন অপরাধে পাঁচজনকে জরিমানা করা হয়েছে।
/এওয়াইএ/এসআর