পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ লিটার ডিজেল জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ কামরুল ইসলামকে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার তেপুকুরিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী।
অভিযান চলাকালে মোহাম্মদ কামরুল ইসলামকে নিজ বাসায় ১০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ওই ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী বলেন , কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ মুনাফার আশায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। পেট্রোল পাম্পসহ অনুমোদিত তেল বিক্রয় কেন্দ্রগুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
/এওয়াইএ/এসআর