×
Logo

সারাদেশ

বন্ধ নীলফামারী দারোয়ানি টেক্সটাইল মিল তিন মাসের মধ্যে চালু হবে : শিল্প প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম

বন্ধ নীলফামারী দারোয়ানি টেক্সটাইল মিল তিন মাসের মধ্যে চালু হবে : শিল্প প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, আগামী তিন মাসের মধ্যে নীলফামারীতে বন্ধ থাকা দারোয়ানী টেক্সটাইল মিল চালুর ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত দরপত্র আহ্বান করা হয়েছে এবং বিনিয়োগকারীও পাওয়া গেছে। 

রোববার (১২ এপ্রিল) মিলটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান শিল্প প্রতিমন্ত্রী।  

গত ১৭ বছরে দেশের অর্থনৈতিক কার্যক্রম স্থবির ছিলো উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, বন্ধ থাকা দেশের সবগুলো জুটমিল ও টেক্সটাইল মিল পর্যায়ক্রমে চালুর মধ্য দিয়ে অর্থনীতির চাকা সচলের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

একই সঙ্গে পাটের সুদিন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। কৃষকরা যেন পাটের ন্যায্য মূল্য পায় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। এছাড়া পলিথিন নির্মূলে পাটের পণ্য ব্যবহারের ওপর ধীরে ধীরে জনসচেতনতা তৈরি করা হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সফরে সঙ্গে থাকা বস্ত্র ও পাট সচিব বলেন, বিগত বছরগুলোর তুলনায় কৃষকরা বেশি দামে পাট বিক্রি করছে, কাঁচা পাট রপ্তানি কমায় পাটজাত দ্রব্য রপ্তানি বেড়েছে, পাট জাতদ্রব্য রপ্তানি করে গেল বছরে ৮২০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।

এসময় নীলফামারী-০২ (সদর) আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুর রহমানসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএন

Logo