টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিশুর মৃতদেহ উদ্ধার
টাঙ্গাইল করেসপনডেন্ট
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৩:২০ পিএম
টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ফাতেমা (৫) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের একটি ভুট্টা বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
শিশু ফাতেমা মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকীর নেংড়াবাজার এলাকার মো. আবু সামার মেয়ে। সে স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার জানায়, শনিবার আসর নামাজের পর থেকে ফাতেমা নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার নিখোঁজের বিজ্ঞপ্তি দেওয়া হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে হত্যার আগে অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
/এসআর