×
Logo

সারাদেশ

মোংলায় দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম

মোংলায় দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব

বাগেরহাটের মোংলায় হামের প্রাদুর্ভাবে জনজীবন একদম বিপর্যস্ত হয়ে পড়েছে। কোনভাবেই থামানো যাচ্ছে না এই সংক্রামক ব্যাধি। 

রোববার (১২ এপ্রিল) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের প্রাদুর্ভাবে গত ১২ দিনে মোট ৩২ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এর মধ্যে বর্তমানে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্তদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাসায় ফিরে গেছেন। তবে যাদের শারীরিক অবস্থা তুলনামূলক গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ভর্তি রোগীদের স্বজনরা জানান, প্রথমে জ্বরসহ হামের লক্ষণ দেখা দিলে রোগীদের হাসপাতালে আনা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কেউ ৫ দিন, আবার কেউ ৭ দিন পর্যন্ত আইসোলেশন ওয়ার্ড থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি রোগীদের মধ্যে যাদের বিশেষ পর্যবেক্ষণের প্রয়োজন, তাদের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সেখানে চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া রোগীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানা গেছে।

/এওয়াইএ/এআই

Logo