শেরপুর-৩ উপনির্বাচনে জয়ী বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৬ পিএম
শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাহমুদুল হক রুবেল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জেলা নির্বাচন অফিস থেকে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখের বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন তিনি।
জেলা ভারপ্রাপ্ত নির্বাচন ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনের ১২৯টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অর্থাৎ ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছেন মোঃ মাহমুদুল হক রুবেল।
বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান স্থানীয় দলীয় নেতাকর্মীরা। নির্বাচন কর্মকর্তারা জানান, পোস্টাল ব্যালটসহ সব কেন্দ্রের ভোট গণনার পর এই ফলাফল চূড়ান্ত করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে জেলা নির্বাচন প্রশাসন।
/এএ