গাইবান্ধায় ৫০০ লিটার পেট্রোল জব্দ, ডিপো মালিকের জেল-জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম
গাইবান্ধার সাঘাটায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত এবং সরকারি নিয়ম অমান্য করে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে তেল বিক্রির দায়ে আবুল কালাম আজাদ নামের এক ডিপো মালিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ভরতখালী হাটে অবস্থিত ‘মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স’-এ এই অভিযান চালানো হয়।
ভরতখালী গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ (৫০) কোনো তার ডিপোতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে আসছিলেন, এমন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীরের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হলে ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
এ সময় দেখা যায়, সরকারি নিয়ম অনুযায়ী ট্যাগ অফিসারের উপস্থিতিতে তেল বিক্রির কথা থাকলেও আবুল কালাম আজাদ তা অমান্য করে গোপনে তেল বিক্রি করছিলেন। এই কারণে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চও একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
সাঘাটার ইউএনও জানান, জব্দকৃত তেল ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে সাধারণ ভোক্তাদের কাছে নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
/এএ/এমএন